সহকর্মীর হাতুড়ির আঘাতে কাঠমিস্ত্রি নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কথা কাটাকাটির সময় সহকর্মীর হাতুড়ির আঘাতে নিহত হয়েছেন এক কাঠমিস্ত্রি।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. দেলোয়ার (২৮) উপজেলার পূর্ব কোদালার আবুল কালামের ছেলে।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির জানান, নিহত দেলোয়ার ওই এলাকার আখতার কামালের আসবাবের দোকানে কাজ করতেন।
“তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে সহকর্মী মো. ইস্কান্দর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই দেলোয়ার মারা যায়।”
ঘটনার পর থেকে ইস্কান্দরকে খোঁজা হচ্ছে বলে জানান ওসি হুমায়ুন।
