পোকায় খাওয়া চালের গুঁড়োয় পিঠা!
রাইস মিলে পোকায় খাওয়া আর ময়লা মিশ্রিত চাল গুঁড়ো করা হয়; যা ক্রেতারা কিনে নেন পিঠা তৈরির জন্য।
সোমবার চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার স্টিল মিল বাজারের রহিম রাইস মিলে এমন চাল ও গুঁড়ো পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিনের পুরনো পচা ও পোকা কিলবিল করা চাল মেশিনে গুঁড়ো করে বিক্রির জন্য মজুদ করা ছিল।
“মিল মালিক আইয়ুব রানা জানান, লোকজন পিঠা খাওয়ার জন্য এই চালের গুঁড়ো কিনে নিয়ে যায়। দামে পুরনো পচা চাল কিনে গুঁড়ো করার কথাও স্বীকার করেছেন তিনি।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল জানান, এজন্য রাইস মিলের মালিক আদালতের কাছে ক্ষমা চান। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ছয় বস্তা (প্রতি বস্তা ৪০ কেজির) পোকা ও ময়লাযুক্ত চাল জব্দ করে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।
