২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার মামলায় জরিপ প্রতিষ্ঠানের এমডি কারাগারে

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় জরিপ প্রতিষ্ঠান জিও ডেলটিক সার্ভে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. গোলাম কবিরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 07:02 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

রোববার তিনি আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন।

আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর থেকে পলাতক ছিলেন গোলাম কবির। রোববার তিনি আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন।

“আমরা জামিনের বিরোধিতা করি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

আদালত সূত্র জানায়, বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সার্ভে প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত জিও ডেলটিক সার্ভে করপোরেশন।

মামলার প্রধান আসামি নগরীর আন্দরকিল্লা এলাকার মেসার্স আব্বাস ট্রেডিংয়ের মালিক আলী আব্বাস।

মামলায় অভিযোগ করা হয়, ব্যাংকের কাছে বন্ধকীকৃত নয়- এমন সম্পত্তি জরিপ ও মূল্যায়ন দেখিয়ে ইউসিবির খাতুনগঞ্জ শাখার ১৮ কোটি ১৮ লাখ ৪৩ হাজার ৫২১ টাকা উত্তোলন করেন আলী আব্বাস। এতে জরিপ প্রতিষ্ঠানের পক্ষে গোলাম কবির তাকে সহযোগিতা করেন।

২০০৯ থেকে ২০১২ সালের মধ্যকার এ ঘটনায় দুদকের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে ২০১৩ সালের ২৪ জানুয়ারি মামলা করেন।

নগরীর কোতোয়ালী থানায় করা এ মামলায় আলী আব্বাস ও গোলাম কবিরসহ নয়জনকে আসামি করা হয়।

মামলার পরই গ্রেপ্তার হওয়া আলী আব্বাস কারাগারে আছেন। অন্য ছয় আসামি উচ্চ আদালত থেকে জামিনে আছেন বলে জানান আইনজীবী মেজবাহ উদ্দিন।