সুন্দরবনমুখী পদযাত্রার সমর্থনে চট্টগ্রামে সমাবেশ
তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সুন্দরবনমুখী গণপদযাত্রার সমর্থনে চট্টগ্রামে সমাবেশ ও সংহতি পদযাত্রা হয়েছে।
শনিবার নগরীর চেরাগী মোড়ে কমিটির চট্টগ্রাম শাখা এ সমাবেশের আয়োজন করে।
আগামী ১০ মার্চ থেকে জাতীয় সম্পদ রক্ষাসহ সাত দফা দাবিতে ঢাকা থেকে সুন্দরবন পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় কমিটির নেতৃত্বে গণপদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
এর সমর্থনে আয়োজিত সমাবেশে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রামের আহ্বায়ক কবি-সাংবাদিক আবুল মোমেন সভাপতি করেন।
এছাড়া কমিটির সদস্য সচিব দেলোয়ার মজুমদার, সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদ নেতা অপু দাশ গুপ্ত, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি, রাহাত উল্লাহ জাহিদ ও নাসির উদ্দিন আহমেদ নাসুসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে সুন্দরবন ধ্বংসের আয়োজন চলছে দাবি করে তা দেশ ও মানুষের স্বার্থে থামানোর আহ্বান জানান।
সুন্দরবন এলাকায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে জীববৈচিত্র্যের ক্ষতির পাশাপাশি তা উপকূলীয় মানুষের জীবনকে প্রাকৃতিক দুর্যোগের সময় আরও বেশি বিপন্ন করে তুলবে বলে মন্তব্য করেন তারা।
সমাবেশ শেষে একটি সংহতি পদযাত্রা নগরীর চেরাগীর মোড় থেকে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।
