৬ ‘পার্টটাইম’ ছিনতাইকারী গ্রেপ্তার চট্টগ্রামে
চট্টগ্রামের বায়েজিদের শের শাহ এলাকা থেকে ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা ‘অবসর’ সময়ে খেলনা পিস্তল দিয়ে পথচারীদের আটকে সর্বস্ব লুট করার স্বীকারোক্তি দিয়েছে বলে বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
নগরীর শের শাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ চক্রের সদস্যরা খেলনা পিস্তল, ছুরি ও চাপাতি দিয়ে শের শাহ কলোনি, সাংবাদিক হাউজিং এলাকায় ছিনতাই করে আসছিল।
“এরা বায়েজিদ এলাকায় ফল বিক্রি, গার্মেন্টসে কাজ অথবা দোকানে চাকরি করত। এসব কাজের ফাঁকেই পার্টটাইম কাজ হিসেবে ছিনতাই করত।”
তিনি জানান, গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রিটন (১৮), মেহেদী হাসান (২২), দেলোয়ার হোসেন (১৮) ও মো. রিপনকে (১৮) গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার রাতে মামুন (১৯) ও রাসেলকে (১৮) ধরা হয়।
তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
