ফাঁড়ি থেকে সোনা ছিনতাইয়ের পর আরএনবি’র ৫ সদস্যকে বদলি
সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক হাবিলদারকে গ্রেপ্তারের পর রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চট্টগ্রামের পাঁচ সদস্যকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার এক আদেশে আরএনবি’র চট্টগ্রাম স্টেশন প্রধান পরিদর্শক সত্যজিৎ দাশ, এএসআই মো. শওকত ও তিন সিপাহীকে বদলি করা হয় বলে জানান পূর্ব রেলের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট আমিনুর রশিদ।
তবে নিয়মিত বদলির অংশ হিসেবেই তা করা হয়েছে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আমিনুর বলেন, “এর সাথে সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনার কোনো সম্পৃক্ততা নেই।”
বদলি হওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম স্টেশন পরিদর্শক সত্যজিতকে বন্দর ইয়ার্ডে বদলি করা হয়েছে বলে জানালেও বাকিদের কোথায় বদলি করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পূর্ব রেলের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আমিনুর।
গত সোমবার সকালে পাহাড়তলী রেল স্টেশনে আরএনবি ফাঁড়িতে নিয়ে দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহর উপস্থিতিতে ডিবি পুলিশ পরিচয়ে দুই যুবক হাজারি গলি ঝুমুর মার্কেটের ‘বিশ্বকর্মা বুলিয়ন’ নামের একটি দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
ওইদিন রাতে চট্টগ্রাম রেলওয়ে থানায় ছিনতাইয়ের শিকার দোকান কর্মচারী পলাশ নন্দী বাদী হয়ে আরএনবির হাবিলদার মো. মেজবাহর নাম উল্লেখসহ ডিবি পুলিশ পরিচয় দেওয়া দুইজনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করে।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে হাবিলদার মেজবাহকে মঙ্গলবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। পরে তাকে ওই ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে দুইদিনের হেফাজতে নেয়া হয়।
