২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে গলা টিপে খুনের পর ছুরিতে হত্যা খালুশ্বশুরকে 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার এয়াকুব নগর এলাকায় এক নারীসহ দুজন খুন হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 10:25 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার রাতের এই ঘটনায় নিহতরা হলেন মাকসুদুর রহমান (৩৫) ও আসমা বেগম (২৫)।মাকসুদুর সম্পর্কে আসমার খালু।

আসমার স্বামী মো. হৃদয় পলাতক। তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানায়।

মালয়েশিয়া প্রবাসী হৃদয়ের সঙ্গে কয়েক বছর আগে আসমার বিয়ে হয়। তারপর মালয়েশিয়া গিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি দেশে ফেরেন।

মাকসুদুর এয়াকুব নগরের আলিম দোভাষ কলোনির রুহুল আমিনের ছেলে। আসমাও একই এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৯টার দিকে দুজনকে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার দক্ষিণ মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাকসুদুরের এক ছেলে হৃদয়কে জানায় তার বাবার সাথে আসমার (হৃদয়ের স্ত্রী) অবৈধ সম্পর্ক আছে। এ কথা শুনেই ঘরে গিয়ে আসমাকে গলা টিপে খুন করে হৃদয় ।

“এরপর ঘর থেকে বেরিয়ে হৃদয় বাসার কাছেই একটি চায়ের দোকানে যায়, সেখানে মাকসুদুর বসে ছিলেন। মাকসুদুরকে ছুরিকাঘাত করেই হৃদয় পালিয়ে যায়।”

হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে রাত ১০টা পর্যন্ত হৃদয়কে আটক করা সম্ভব হয়নি।