সাংবাদিকের ওপর হামলা: ছাত্রলীগ নেতাকে বহিষ্কারে নাছিরের আশ্বাস
চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে যেন বহিষ্কার করা হয় তা দেখার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে এ আশ্বাস দেন তিনি।
১৭ ফেব্রুয়ারি নগরীর প্রবর্তক মোড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সড়ক অবরোধ কর্মসূচিতে ছবি তুলতে গেলে মারধর ও নাজেহালের শিকার হন প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীল।
ওই হামলায় মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল হাসান নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন হামলার শিকার সাংবাদিক।
এ হামলার প্রতিবাদে ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সেখান থেকে হামলাকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, ছাত্রত্ব বাতিল ও মামলা নিতে তিন দিনের সময়সীমা বেঁধে দেয় সিইউজে।
সমাবেশ থেকে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিটি মেয়র আ জ ম নাছিরের প্রতি দাবি জানান সাংবাদিক নেতারা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ নগরীর রাজনীতিতে মেয়র নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশে আ জ ম নাছির বলেন, “জড়িত ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়ে আমি বলে দিয়েছি। নিশ্চয়তা দিচ্ছি, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
“তবে ছাত্রত্বের বিষয়টি মেডিকেল কলেজের সিদ্ধান্তের এখতিয়ার। এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। মামলা আইনগত প্রক্রিয়ায় চলবে।”
ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে তার ওপর দায় চাপানোর চেষ্টা ‘অমূলক’ মন্তব্য করে নাছির বলেন, “আমি কোনো অন্যায় করি না। অন্যায়কে প্রশ্রয়ও দিই না। সাংবাদিকদের আমি সবসময় শ্রদ্ধা করি। কখনো ‘আপনি’ ছাড়া সম্বোধন করি না।
“ছাত্রলীগের কারণে শুধু আমার নয় প্রধানমন্ত্রীর অনেক অর্জনও ধুলিসাৎ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় যদি এদের কার্যক্রম বন্ধ রাখা যেত। তাহলে ভালো হতো। লাখ লাখ ছেলে ছাত্রলীগ করে। একজনের জন্য সবার দোষ হয়। মনের দুঃখে বলছি আর কি।”
এসময় হামলার শিকার আলোকচিত্রী জুয়েল শীলকে সমবেদনা জানান মেয়র নাছির।
নাছির বলেন,“ সাংবাদিকরা জাতির বিবেক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে মাঝে সাংবাদিকরা লাঞ্চিত হন। এটা আমাদের সামাজিক লজ্জা।”
সমাবেশে সিইউজে সভাপতি এজাজ ইউসুফী বলেন, “মেয়রের আশ্বাস বাস্তবায়ন দেখতে আমরা অপেক্ষা করব। না হলে পরে আবার কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
