চমেক ছাত্রলীগের বিরুদ্ধে ফটো সাংবাদিককে মারধরের অভিযোগ
পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার ও ‘নাজেহাল’ হওয়ার অভিযোগ করেছেন এক আলোকচিত্র সাংবাদিক।
দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম অফিসের আলোকচিত্রী জুয়েল শীল বলছেন, বুধবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে এক মোটরসাইকেল আরোহীকে মারধরের ছবি তুলতে গেলে তাকে মারধর করা হয় চমেক ছাত্রলীগ সভাপতি রাশেদুল হাসান ও ছাত্র সংসদের ভিপি নাবিদ আনজুম তানভীরের নেতৃত্বে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), প্রেস ক্লাব, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে। চট্টগ্রামের সাংবাদিক নেতারা রাত ৮টায় প্রেস ক্লাবে বৈঠকও ডেকেছেন।
অভিযোগ উঠেছে, সোমবার রাতে পাঁচলাইশ থানা এলাকার চিটাগং শপিং কমপ্লেক্স এলাকার গৌরাঙ্গ বাড়ি এলাকায় হামলা করতে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হন চমেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান।
এর প্রতিবাদে বুধবার প্রবর্তক মোড়ে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চমেক ছাত্রলীগ।
ফটো সাংবাদিক জুয়েল শীল বলেন, দুপুর সোয়া ২টার দিকে চমেক ক্যাম্প্যাস থেকে ছাত্রলীগ মিছিল বের করে। তারা প্রবর্তক মোড়ে অবরোধ সৃষ্টি করে যান চলাচলে বাধা দেয়।
“এ সময় একটি অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য পথ তৈরি করে দেয় তারা। তবে অ্যাম্বুলেন্সের পেছনে একটি মোটরসাইকেল যেতে চাইলে আরোহীকে মারধর করতে থাকে ছাত্রলীগ নেতাকর্মীরা।”
ঘটনার ছবি তোলার সময় ছাত্রলীগ সভাপতি রাশেদুল হাসান ও ছাত্র সংসদের ভিপি নাবিদ আনজুম তানভীরের নেতৃত্বে হামলা হয় অভিযোগ করে আলোকচিত্রী জুয়েল বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি মুছে দেয় এবং সাত/আট জন মিলে মারধরের পাশাপাশি কান ধরে তাকে উঠবস করায়।
এ প্রসঙ্গে জানতে ছাত্রলীগ সভাপতি রাশেদুল ও ছাত্র সংসদের ভিপি নাবিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
সাংবাদিকদের কাছে বিষয়টি শুনেছেন জানিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ও চমেক উপাধ্যক্ষ মুজিবুল হক খান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখতে হবে। সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে বিষয়টি জানানোর চেষ্টা করছি।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীরা সিটি মেয়র নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।
বিএমএ’র সাধারণ সম্পাদক মো. শরীফ বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা দেওয়া কোনোভাবেই উচিত নয়। যারাই ঘটনা ঘটিয়ে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
