‘হামলা চালাতে গিয়ে’ হামলার শিকার চমেক ছাত্রলীগ নেতা
বন্দর নগরীর একটি এলাকায় হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ছাত্রলীগ নেতা।
সোমবার গভীর রাতে পাঁচলাইশ থানার শপিং কমপ্লেক্স সংলগ্ন গৌরাঙ্গ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চমেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানের উপর কারা হামলা করেছে, তা জানা যায়নি। পুলিশ জানতে পেরেছে, নাহিদসহ কয়েকজন কারও উপর হামলা চালাতে ওই এলাকায় গিয়েছিলেন।
নাহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চতুর্থ বর্ষের এই ছাত্র মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
পাঁচলাইশ থানার এসআই রিতেন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গৌরাঙ্গ বাড়ি এলাকায় মেডিকেলের কিছু শিক্ষার্থী হামলা করতে গেছে শুনে সেখানে যাই।
“হামলা করতে গিয়ে স্থানীয়দের হাতে নাহিদ নামের ওই শিক্ষার্থী আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্সের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”
মেডিকেল শিক্ষার্থীরা কার উপর ‘হামলা চালাতে’ সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
পুলিশের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন চমেক ছাত্র সংসদের সহ-সভাপতি রাশেদুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে মেডিকেলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের একটা ছাত্রাবাস আছে।
“গভীর রাতে একদল দুর্বৃত্ত হোস্টেলে হামলা চালালে তাদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় শিক্ষার্থীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা শপিং কমপ্লেক্সের পেছনের সড়ক ধরে পালিয়ে যায়। তখন একা পেয়ে নাহিদকে কুপিয়ে আহত করা হয়।”
তবে কারা এ হামলা করেছে, তা জানাতে পারেননি এই ছাত্রলীগ নেতাও।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে গলা ও পায়ে ধারালো অস্ত্রের জখম নিয়ে নাহিদ হাসপাতালে ভর্তি হন।
