চট্টগ্রামে পিডিবি’র অভিযানে হামলার অভিযোগ, মামলা
চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরের এই ঘটনায় নাজিম উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পিডিবি চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান।
“অভিযান চলাকালীন টেরিবাজার এলাকায় অতিরিক্ত লোড ব্যবহার ও বিদ্যুৎ বিলের বিষয়টি নজরে আনায় পিডিবি’র এক কর্মীকে শারীরিকভাবে লাঞ্চিত করে নাজিম চৌধুরী নামে এক ব্যক্তি।”
এ ঘটনায় নাজিমের বিরুদ্ধে একটি মামলা করার পাশাপাশি তার বিদুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বলে পিডিবি কর্মকর্তা মনিরুজ্জামান জানান।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ লাখ ৩৫ হাজার ৬৮৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তিনটি সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আরও তিনটি মামলা করা হয়েছে।
মনিরুজ্জামান জানান, সাত লাখ ২২ হাজার ৯০ টাকা বকেয়া বিল থাকায় কোরবানীগঞ্জ এলাকার রাইজিং প্রোপার্টিজ লিমিটেডের মালিক আমজাদ হোসেন চৌধুরী, ও এক লাখ ৯৮ হাজার ৮৯৮ টাকা বকেয়া থাকায় আজিজুল আহমেদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
এছাড়া চার লাখ ১৪ হাজার ৭০০ টাকা বকেয়া থাকায় পাথরঘাটা শিববাড়ি এলাকায় এম এ রশিদ নামের এক ব্যক্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার নামেও মামলা করা হয়েছে।
