২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছর পর ব্যবসায়ী জামাল উদ্দিন হত্যার অভিযোগপত্র আমলে

চট্টগ্রামে ব্যবসায়ী জামাল উদ্দিন হত্যা মামলায় অভিযোগপত্র দাখিলের ১০ বছর পর তা আমলে নিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 02:07 AM

Updated : 12 Apr 2022, 01:29 AM

উচ্চ আদালতে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম তা আমলে নেন।

পরে তিনি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়েছেন বলে আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান জানান।

মহনগর দায়রা জজ আদালতে শুনানির দিন এখনো নির্ধারণ হয়নি।

২০০৩ সালের ২৪ জুলাই আনোয়ারার ব্যবসায়ী জামাল উদ্দিন আহম্মদ চৌধুরী নগরীর বহদ্দারহাট থেকে অপহৃত হন।

প্রায় দুই বছর পর কাশেম চেয়ারম্যানের সহযোগী ও অপহরণ দলের সদস্য কালা মাহবুবের দেওয়া তথ্য অনুযায়ী জামাল উদ্দিনের কঙ্কাল ফটিকছড়ির দইজ্জ্যাখালি পাহাড় থেকে উদ্ধার করা হয়। পরে সিঙ্গাপুরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ওই কংকাল জামাল উদ্দিনেরই।

চাঞ্চল্যকর এ অপহরণ ও হত্যা মামলায় বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ছোট ভাই মারুফ নিজামসহ বেশ কয়েকজনকে আসামি করেন জামাল উদ্দিনের ছেলে চৌধুরী ফরমান রেজা লিটন।

পরে ২০০৬ সালের শেষদিকে সিআইডির এএসপি হামিদুল হক মারুফ নিজামকে বাদ দিয়ে কাশেম চেয়ারম্যানসহ ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে।

এ মামলার অন্য আসামিদের মধ্যে শহীদ চেয়ারম্যান, বাইট্টা নাজিম, আবদুস সোবহান রয়েছেন।

অভিযোগপত্রের বিরুদ্ধে সোবহান উচ্চ আদালতে আপত্তি জানিয়ে আবেদন করলে ২০০৯ সালের ডিসেম্বরে আবেদন খারিজ হয়। এরপরে পুনরায় রিট করলে সম্প্রতি তার নিষ্পত্তি হয়।

ওই আদেশের কপি সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে জমা দেওয়া হয়।