চট্টগ্রামে দুই খাবার প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
পোড়া তেল ব্যবহার ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে চট্টগ্রামে ‘হাজী বিরিয়ানি’ ও ‘চিটাগং বেকারি অ্যান্ড ফুডস’কে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার চকবাজার ও সিরাজদৌল্লাহ রোডে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোড়া পাম ওয়েল দিয়ে দিয়ে রান্না করার অপরাধে হাজী বিরিয়ানি কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, “প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায় পোড়া ও নিম্নমানের পাম ওয়েল দিয়ে রান্না করা হয়।”
অভিযানে অনেকদিন আগে তৈরি করা বোরহানি, পোড়া ও ময়লাযুক্ত পাম ওয়েল জব্দ করে তা নষ্ঠ করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া সিরাজদৌল্লাহ রোডে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি জাতীয় দ্রব্য তৈরির অপরাধে চিটাগং বেকারি অ্যান্ড ফুডসকেও এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
রুহুল আমিন জানান, প্রতিষ্ঠানটি নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির পাশাপাশি কেকে পঁচা ডিস ব্যবহার করছিল।
