সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
নাশকতা মামলার আসামি সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাকে বরখাস্তের আদেশ সম্বলিত একটি প্রজ্ঞাপন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৌঁছায়।
বরখাস্তের প্রজ্ঞাপন পেয়েছেন জানিয়ে ইউএনও মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি নাশকতা মামলায় তার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করেছে।
তাই উপজেলা পরিষদ আইন অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জসিম উদ্দিন সাতকানিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী ছিলেন। তবে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক পদে বর্তমানে তার নাম নেই।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের নাশকতা ও সহিংসতার বিভিন্ন ঘটনায় জসিমের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।
