চবিতে ভাংচুরের ঘটনায় তিন মামলা
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুটি ছাত্রাবাস ও বিশেষ পরীক্ষার দাবিতে পদার্থবিজ্ঞান বিভাগে ভাংচুরের ঘটনায় তিনটি মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হুদা বৃহস্পতি এবং শুক্রবার এসব মামলা দায়ের করেন বলে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন।
তিনি বলেন, “এসব মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী মোট ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।”
ওসি জানান, শাহ আমানত হলে ভাংচুরের মামলার তদন্তভার দেওয়া হয়েছে উপ-পরিদর্শক আনোয়ার হোসেনকে।
আর সোহরাওয়াদী হলে ভাংচুরের মামলা তদন্ত করবেন উপ-পরিদর্শক কমল কৃঞ্চ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৮ ও ৯ ফেব্রুয়ারি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এই দুই ছাত্রাবাসে ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আর বিশেষ পরীক্ষার দাবিতে ৪ ফেব্রুয়ারি পদার্থবিদ্যা বিভাগের সভাপতির কক্ষ ও বিভাগের ভাংচুরের ঘটনায় ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলা তদন্ত করবেন এসআই নূরুল আমিন।
