চট্টগ্রামে রেলের ভাড়া বাড়ানোর প্রতিবাদ
রেলের ভাড়া বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)।
শুক্রবার নগরীর নিউ মার্কেট চত্বরে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বাসদের চট্টগ্রাম অঞ্চলের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তব্যে নেতারা বলেন, লোকসান কমানো ও যাত্রীসেবার বাড়ানোর নামে ২০১২ সালে দ্বিগুণেরও বেশি ভাড়া বাড়ানো হলেও লোকসানও কমেনি, যাত্রীসেবাও বাড়েনি।
সমাবেশ থেকে দাবি করা হয়, ভাড়া বাড়ানোর পর ২০১২ সালে ৮০০ কোটি টাকা লোকসান দিয়েছিল রেল। বর্তমানে সে লোকসান দাঁড়িয়েছে ৯০০ কোটি টাকায়।
এই লোকসানের পেছনে মন্ত্রী-এমপিদের ‘লুটপাট’কে দায়ী করে বক্তারা বলেন, এই লুটপাট বন্ধ করতে না পারলে রেলের ভাড়া এভাবে বাড়তে থাকবে আর লোকসানও পাল্লা দিয়ে বাড়বে।
বিভিন্ন সংস্থার কাছে রেলের পাওনা আদায় ও হাজার হাজার একর ভূমি অবৈধ দখলমুক্ত করলে রেলকে লাভজনক করা সম্ভব বলে সমাবেশে মত প্রকাশ করেন বাসদ নেতারা।
অবিলম্বে বাড়তি ভাড়া বাতিল, চট্টগ্রামে সার্কুলার ট্রেন চালু ও মন্ত্রী-এমপিদের ‘লুটপাট’ বন্ধ করার দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
২০১২ সালে রেলের ভাড়া বাড়ানোর পর গত জানুয়ারিতে যাত্রী সেবার মান ‘ঠিক রেখে’ আবারও ট্রেনের ভাড়া বাড়ানোর জন্য রেল মন্ত্রণালয়কে পরামর্শ দেয় এ সংক্রান্ত সংসদীয় কমিটি।
পরে রেলমন্ত্রীও ফেব্রুয়ারি থেকে গড়ে ৭.৮ শতাংশ ভাড়া বাড়ানোর পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানান। এরপর আগামী শনিবার থেকে রেলের বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে বলে গণমাধ্যমগুলোতে খবর এসেছে।
