২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাশুড়ির ঋণের টাকা আদায়ে জামাইকে ‘অপহরণ’, গ্রেপ্তর ৫

চট্টগ্রাম নগরীতে শাশুড়ির ঋণের টাকা আদায়ে তার মেয়েজামাইকে তুলে নিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 04:52 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

বুধবার গভীররাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকা থেকে তাদের আটক ও গুলবাহার নামে এক মহিলার মেয়ের জামাই আবদুল মজিদকে (২৫) উদ্ধার করা হয় বলে জানান ওসি মো. মহসনি।

আটককৃতরা হলেন- মোসলেম উদ্দিন (৫৪), হেলাল উদ্দিন (৩৫), নুরুল আবসার (২২), মো. রাসেল (২২) ও মো. বাচ্চু (৩০)।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলবাহারের কাছ থেকে ঋণের টাকা আদায়ে ব্যর্থ হয়ে অক্সিজেন মাইজপাড়া এলাকা থেকে মজিদকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

তিনি বলেন, মজিদের শাশুড়ি গুলবাহার বাকলিয়া থানার চাক্তাই এলাকার সোনালী সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি থেকে ২০১২ সালে দুই দফায় ১৩ হাজার ৫০০ ও ছয় হাজার টাকা ঋণ নেন।

গুলবাহার সম্প্রতি বাকলিয়া থেকে বায়েজিদের মাইজপাড়ায় চলে আসেন জানিয়ে মহসিন বলেন, ঋণের টাকা আদায়ে বুধবার রাতে সোসাইটির মালিক মোসলেম উদ্দিনের নেতৃত্বে পাঁচজনের একটি দল গুলবাহারের মাইজপাড়ার বাসায় যান।

“টাকা আদায়ে ব্যর্থ হয়ে মজিদকে সিএনজিচালিত অটোরিকশায় জোর করে তুলে নিয়ে যাওয়ার সময় অক্সিজেন মোড়ের চেকপোস্টে পুলিশ তাকে উদ্ধার করে।”

ওসি মহসিন জানান, এ ঘটনায় আবদুল মজিদ বাদী হয়ে অপহরণ মামলা করেছেন, মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।