২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে আল্টিমেটাম

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা গ্রহণ এবং তাদের বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলে তিন দিনের সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 04:04 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

চমেক ছাত্রলীগের বিরুদ্ধে ফটো সাংবাদিককে মারধরের অভিযোগ

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এসময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ২২ ফেব্রুয়ারি সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সিইউজে সভাপতি এজাজ ইউসুফী।

পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগ, চমেক এবং চিকিৎসকদের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার ঘোষণাও দেওয়া হয়।

সমাবেশ থেকে সাংবাদিক নেতারা হামলার জন্য দায়ী চমেক ছাত্রলীগের নেতাদের নিয়ন্ত্রণ করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনের প্রতি দাবি জানান তিনি।

এজাজ বলেন, যার অধীনে মেডিকেলে ছাত্র সংগঠন পরিচালিত হয় সেই নগর পিতা ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের কাছে দাবি জানাচ্ছি গুণ্ডাদের গ্রেপ্তার ও কলেজ থেকে বহিস্কার করার জন্য।

“পাঁচলাইশ থানার ওসিকে বলছি, ঘটনায় করা সাধারণ ডায়েরি মামলা হিসেবে নিন। না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব। প্রয়োজনে আদালতে মামলা করব।”

বুধবার নগরীর প্রর্বতক মোড় এলাকায় চমেক ছাত্রলীগের সড়ক অবরোধ কর্মসূচিতে ছবি তুলতে গেলে মারধর ও নাজেহালের শিকার হন প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীল।

এ ঘটনায় বুধবার বিকালে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করতে গেলে তা গ্রহণ না করে সাধারণ ডায়েরি নেওয়া হয় বলে অভিযোগ সাংবাদিক নেতাদের।

হামলার ঘটনায় চমেক ছাত্রলীগের সভাপতি রাশেদুল হাসান ও ছাত্র সংসদের ভিপি নাবিদ আনজুম তানভীর নেতৃত্ব দেন বলে অভিযোগ হামলার শিকার সাংবাদিকের।

সমাবেশে এজাজ ইউসুফী বলেন, সন্ত্রাসীদের হাতে বিএমএ নেতারাও জিম্মি। তারা গুণ্ডাদের ভয় করে। সংবাদপত্রে বিএম নেতা ও চমেক অধ্যক্ষের বক্তব্য দেখেছি।

“কলেজ, পুলিশ, স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের তিন দিনের সময় দিচ্ছি- সংগঠন থেকে বহিষ্কার, কলেজের ছাত্রত্ব বাতিল এবং মামলা নিতে হবে।”

প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, চমেক ছাত্রলীগের কোনো অনুষ্ঠানে সাংবাদিকরা যাবে না। তাদের কোনো সংবাদ প্রকাশ করা হবে না। যারা হামলাকারীদের প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে পিছপা হব না।

“কেন্দ্রীয় ছাত্রলীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেব। থানা মামলা না নিলে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে আট ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করব।”

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আবুল মোমেন বলেন, ছাত্রলীগের নামে হামলা-অত্যাচার হচ্ছে। এতে গণমাধ্যম ও স্বাধীনতা হুমকির মুখে পড়ছে। সন্ত্রাসীরা যেন রাজনীতির নামে পার পেয়ে না যায়।

সিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সভাপতি মোশতাক আহমদ ও সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বক্তব্য রাখেন।