২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ক্যাম্পাসে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার দুই ছাত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 09:38 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

ছিনতাইকারীরা মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা-পয়সা নিয়ে যায় বলে ওই ছাত্রদের বন্ধুরা জানিয়েছেন।

বুধবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়ির পাশের টেলি পাহাড়ে ছিনতাইয়ের শিকার হন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী আবু সুফিয়ান ও মো. রিফাত।

ছিনতাইকারীদের হাতুড়ির আঘাতে আহত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন।

দুজনের বন্ধু রকিব কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ক্লাসের ফাঁকে পাহাড়ে ঘুরতে গেলে সুফিয়ান ও রিফাত ছিনতাইকারীদের কবলে পড়েন।

“তিনজন ছিনতাইকারী তাদের দুজনের কাছ থেকে মোবাইল-টাকা নিয়ে যায়। ছিনতাইকারীদের মারধরে আবু সুফিয়ানের মাথায় এবং সুফিয়ান শরীরের অন্য অংশে আঘাত পান।”

স্বাস্থ্যকেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডা. কাজী মো. সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত দুজনের একজনের কপালে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। তার কপালে দুটি সেলাই লেগেছে। অন্যজন সামান্য আহত হয়।

ছিনতাইয়ের শিকার ছাত্ররা কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ করেনি বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তাজনিত কারণে টেলি পাহাড়ে উঠা শিক্ষার্থীদের জন্য অনেক বছর ধরেই নিষিদ্ধ।”