২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফের পক্ষে চট্টগ্রাম আওয়ামী লীগের একাংশের বিবৃতি

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগের মুখে থাকা সংসদ সদস্য এম এ লতিফের পক্ষে বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ নিন্দা জানিয়েছে চট্টগ্রামের একদল আওয়ামী লীগ নেতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 09:40 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বিলবোর্ডে বঙ্গবন্ধুর ‘বিকৃত ছবি’ নিয়ে বন্দর নগরীতে আওয়ামী লীগের এই সংসদ সদস্যের বিরুদ্ধে ছাত্র ও যুবলীগের বিক্ষোভের পর মামলা দায়েরের মধ্যে বৃহস্পতিবার এই বিবৃতি এল।  

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মো. শফর আলী ও শেখ মাহমুদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিঞা, মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান।

তাদের সঙ্গে সিটি করপোরেশনের কাউন্সিলর সালেহ আহম্মদ চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী, হাজী জয়নাল আবেদিন, হাবিবুল হক, গোলাম মোহাম্মদ জোবায়ের, এইচ এম সোহেল, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী ও মোহাম্মদ আসলামও সংসদ সদস্যের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ নিন্দা জানিয়েছেন।  

বিবৃতিদাতাদের অধিকাংশই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে পরিচিত।

লতিফের বিরুদ্ধে বিক্ষোভকারীরা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে লতিফের নামে স্থাপিত বিলবোর্ডে বঙ্গবন্ধুর বিলবোর্ডে ছবি ‘বিকৃতির’ প্রতিবাদকারী ছাত্র ও যুবলীগ নেতারা আওয়ামী লীগের এই সংসদ সদস্যের বিরুদ্ধে জামায়াত-ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন। 

লতিফের পক্ষে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, চট্টগ্রাম-১১ আসন’ লেখা প্যাডে পাঠানো বিবৃতিতে বলা হয়, বন্দর আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে ‘ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ’ হিসেবে ছবি বিকৃতির ঘটনা ঘটিয়েছে ‘একটি মহল’।

“সংসদ সদস্য হওয়ার পর থেকে লতিফের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সাত বছর ধরে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে কুচক্রি মহলটি এ ধরনের ঘৃণ্য কাজ করে ফায়দা হাসিলের চেষ্টা করছে।”

বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ এবং চট্টগ্রাম চেম্বারের শতবছর উপলক্ষে পাঁচদিনের অনুষ্ঠানের মাধ্যমে সব মহলের প্রশংসা অর্জন করাই ব্যবসায়ী নেতা লতিফের জন্য ‘কাল’ হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

“দলের প্রতি অনুগত সহকর্মীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে কূট কৌশলের আশ্রয় নিয়ে ফেস্টুনে জাতির পিতার ‘অ্যাডিটিং ছবি’ ব্যবহার করে তারা যে গর্হিত কাজ করছে, তা দুঃখজনক ও নিন্দনীয়।”

পুরনো খবর:

এমপি লতিফের বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি ‘বিকৃতি’
হাজার কোটি টাকার মানহানি মামলা এমপি লতিফের নামে
জামায়াতের অনুষ্ঠানে 'যুদ্ধাপরাধীর' সঙ্গে আওয়ামী সাংসদ লতিফ