হিজড়াকে পুনর্বাসনে দোকান করে দিল নগর পুলিশ
দেশব্যাপী পুলিশের নানা সমালোচনার মধ্যে চট্টগ্রামে এক হিজড়াকে পুনর্বাসনের লক্ষে দোকান করে দিয়েছে নগর পুলিশ।
বৃহস্পতিবার নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়ে ‘রানী স্টোর’ নামের এ মুদি দোকানটি উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল।
পুনর্বাসনের অংশ হিসেবে পাহাড়তলী এলাকার হিজড়া সম্প্রদায়ের সদস্য মেঘরানী’র জন্য দোকানটি করে দেয় নগর পুলিশ।
দোকানের উদ্বোধনীতে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, “শুধু নগর পুলিশ নয়, মেয়র মহোদয়ও হিজড়া সম্প্রদায়ের পাশে আছেন। ফলে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে অনেক।
“পুনর্বাসনের এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে নগর পুলিশের। ধীরে ধীরে সমাজের মূল স্রোতের সাথে একীভূত হয়ে যাবে হিজড়া সম্প্রদায়”।
হিজড়াদের প্রতি বিদ্যমান মনোভাবে পরিবর্তন আনতেও সবার প্রতি আহ্বান জানান সিএমপি কমিশনার।
উদ্বোধনীতে অন্যদের মধ্যে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবাশীষ ভট্টাচার্য্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিরর নেছার আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন।
