২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে দুই আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

গ্রেপ্তাররা হলেন- আবুল কাশেম (২৮), জামাল হোসেন (৩৫) ও আবুল কালাম (৩৫)। এই তিনজনই আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকায় থাকেন।

আকবর শাহ থানার ওসি সুদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার ভোররাতে শাপলা আবাসিক এলাকার মডেল পল্লী নামের একটি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, শাপলা আবাসিক এলাকার এই তিনজন অবৈধ অস্ত্রসহ মডেল পল্লী এলাকার একটি ভবনের পেছনে অবস্থান করেছে খবর পেয়ে গভীর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ।

“পরে ভোররাতের দিকে তাদের আটক করে শরীর তল্লাশি করা হয়। এ সময় কাশেমের জিন্সের প্যান্টের সামনের অংশে কোমরের সঙ্গে গোঁজানো অবস্থায় একটি মেড ইন জাপান লেখা শূন্য দশমিক ৩২ বোরের সিলভার রঙ্গের একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া।

“আর জামালের কোমরের সাথে গোঁজানো অবস্থায় একটি কালো রঙের সিঙ্গেল শুটার গান পাওয়া যায়”।

তিনজনই অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত জানিয়ে পুলিশ কর্মকর্তা সুদীপ বলেন, “কোনো অপরাধ ঘটনোর উদ্দেশ্যেই তারা ওই স্থানে জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে”।