২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান, আড্ডা, স্মৃতিচারণে চট্টগ্রাম ছাত্র ইউনিয়নের প্রীতি সম্মিলন

প্রীতি সম্মিলনে মিলিত হয়ে গান, আড্ডা, স্মৃতিচারণ আর প্রয়াতদের স্মরণ করছেন বৃহত্তর চট্টগ্রামের প্রাক্তন ছাত্র ইউনিয়নকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 02:08 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

শুক্রবার সকালে চট্টগ্রামের মুসলিম হল মিলনায়তনে ‘অপশক্তির বিরুদ্ধে অব্যাহত থাকুক শান্তি ও প্রগতির লড়াই’ স্লোগান নিয়ে এ সম্মিলন শুরু হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত ও সংগঠনের সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

১৯৬৭-৬৮ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতির দায়িত্ব পালন করা অধ্যপাক মাহফুজা খানম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। সেই পতাকায় আমাদের অনেক কর্মীর রক্ত লেগে আছে।… এখন ডাকসু নেই। কোনো ছাত্র সংসদ নেই। আদর্শের পতাকা এখন শুধু ছাত্র ইউনিয়নের হাতে।”

১৯৬৫ সালে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতির দায়িত্ব পালন করা মাহফুজা খানম দাবি করেন, ৬৩ বছর পেরিয়ে আসা এই বাম ছাত্র সংগঠনটি ছাড়া বাকি সংগঠনগুলো এখন আদর্শের রাজনীতি থেকে দূরে সরে গেছে।

সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার সংগ্রামে ‘শেষ রক্ত বিন্দু পর্যন্ত’ লড়াই অব্যাহত রাখতে হবে।

উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি লাকী আক্তার। উদ্বোধনের পর জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা নিয়ে ঢোলের তালে তালে শোভাযাত্রায় অংশ নেন সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

মুসলিম হল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার সম্মিলন প্রাঙ্গণে শেষ হয় শোভাযাত্রা। এরপর চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনের সাবেক নেতাকর্মীরা আড্ডায় মেতে ওঠেন। কোলাকুলি, ছবি তোলা, স্মৃতিচারণ আর স্লোগানে স্লোগানে তারা স্মরণ করেন পুরনো দিনগুলো।

দ্বিতীয় অধিবেশনে ‘গৌরবোজ্জ্বল সংগ্রামের প্রথম তিন দশক: ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন অধ্যাপক ড. মাহবুবুল হক। ‘প্রতিকূল আবহে প্রদীপ্ত পথচলা’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন অধ্যাপক কানাই দাশ।

মাহবুবুল হক বলেন, “স্বাধীনতা বিরোধী শক্তি এখনও ফণা তুলতে চায় গোপন-অগোপন অবস্থান থেকে। স্বার্থান্বেষীরা আপন স্বার্থ হাসিল করতে দেশকে ঠেলে দিচ্ছে সর্বনাশের কিনারায়। এইসব শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।”

অধ্যাপক কানাই দাশ বলেন, “বর্তমান পরিস্থিতিতে প্রাক্তনীদের নৈতিক ও সামাজিক দায়িত্ব কর্তব্য রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলন পরিষদের চেয়ারম্যান বালাগাত উল্লাহ।

পরিষদের যুগ্ম সদস্য সচিব রিপায়ন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কো চেয়ারম্যান বাবুল দে, সদস্য সচিব শিহাব চৌধুরী বিপ্লব, সাবেক নেতা প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও চট্টগ্রাম জেলা কমিটির বর্তমান সভাপতি শিমুল কান্তি বৈষ্ণব।

সম্মিলনে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, নারীমুক্তি, মানবাধিকার ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২৯ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সাংস্কৃতিক ইউনিয়ন, উদীচী, অনন্য বড়ুয়া ও তার দল, প্রমা অবন্তী ও তার দল এবং শিল্পী সঞ্জয় রায় ও তপন চৌধুরী তাদের পরিবেশনা নিয়ে আসবেন।