বোয়ালখালিতে মার্কেটে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের বোয়ালখালিতে একটি মার্কেটে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।
বোয়ালখালির পেতন শাহ আউলিয়ার মাজার গেইট সংলগ্ন শাওন মার্কেটে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে লাগা এ আগুন রাত পৌনে ৮টার দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে বিকাল সাড়ে ৫টার দিকে মার্কেটের নিচতলায় আগুন লাগে।
তিনি বলেন, আগুনে মো. বাচ্চু মিয়ার এসবি অয়েল সাপ্লাই নামের একটি তেলের দোকান, একটি মোটর পার্টসের দোকান এবং মো. ফারুকের পেতন শাহ আউলিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি মোটর ওয়ার্কশপ পুড়ে গেছে।
এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে ফজলুল কাদের বলেন, কালুরঘাট ও বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি নিয়ে দমকল কর্মীরা রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়।
আগুন নেভাতে গিয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের আবুল মনসুর নামে এক কর্মী আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শাওন মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনায় আরাকান সড়কে যানজট হয় বলে জানান স্থানীয়রা।
