২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেয়রের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে চীনের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশন (সিসিসি) মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 09:21 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

বৃহস্পতিবার নগর ভবনে চীনা রাষ্ট্রদূত মা মিনচিয়াং মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে এ কথা বলেন সিটি মেয়র নাছির।

চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার উল্লেখ করে মেয়র বলেন, "চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে চীনের বিনিয়োগের সুযোগ রয়েছে।

“জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, এল ই ডি সংযোজন, বিউটিফিকেশন, পর্যটন শিল্প, গার্মেন্টস শিল্প ও পাওয়ার প্ল্যান্টে চীনের বিনিয়োগের সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগের জন্য চট্টগ্রামে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে”।  

মেয়র এ সময় চট্টগ্রামের সার্বিক উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করে কর্ণফুলী টানেল নির্মাণে সহযোগিতার জন্য চীনকে ধন্যবাদ জানান।

চট্টগ্রাম ও চীনের কুনমিং শহরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক স্মরণ করে মিনচিয়াং বলেন, "পর্যটন, গার্মেন্টস ও পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগে আগ্রহী চীন।

চীনা বিনিয়োগ নিঃকন্টক করতে মেয়রের সহযোগিতা চান চীনা রাষ্ট্রদূত।

বৈঠকে অন্যদের মধ্যে সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম, সচিব রশিদ আহমদ ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ‍উপস্থিত ছিলেন।