বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহা-ব্যবস্থাপকের (জিএম) বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন শিল্পী ও কলাকুশলীরা।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মলনে চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের বলেন, “প্রধানমন্ত্রী স্যাটেলাইটের মাধ্যমে ছয় ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে স্বতন্ত্র চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করতে আন্তরিক ছিলেন।
“এজন্য ৩৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান জিএম জাঁ নেসার ওসমানের সহযোগিতায় একটি চক্র হরিলুটে মেতেছে।”
লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত চার মাস ধরে সুরকার, সঙ্গীত পরিচালকদের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে ওই টাকা দিয়ে জিএমের নিয়োগপ্রাপ্ত প্রযোজক, এডিটরদের বেতন দেওয়া হচ্ছে। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালকদের ব্যতিরেকে বেআইনিভাবে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।”
“নিয়োগপ্রাপ্ত স্টাফদের বেতন দেওয়া হচ্ছে শিল্পীসম্মানী খাত থেকে। অচিরেই অর্থাভাবে শিল্পীসম্মানীও বন্ধ হয়ে যেতে পারে আমাদের।”
সম্মানীর চেক বিতরণেও বৈষম্য করা হচ্ছে জানিয়ে আলাউদ্দিন বলেন, “পছন্দের ব্যক্তিদের দিয়ে টকশো করিয়ে দ্রুতই তাদেরকে চেক দেওয়া হয়। অন্যদিকে সঙ্গীতানুষ্ঠানের কোনো চেক দেওয়া হয় না।
সম্মানীর ক্ষেত্রেও জিএম নিয়ম-নীতি মানছেন না বলে অভিযোগ করেন আলাউদ্দিন তাহের।
কেউ জিএমের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ করলে তাকে বদলি করা হচ্ছে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি কায়সারুল আলম, সহ-সভাপতি শেখ শহীদুল আনোয়ার, মো. মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ খান, উপদেষ্টা নাজমুল আবেদীন চৌধুরী, মৃণাল ভট্টাচার্য ও ফাহিম উদ্দিন।
