২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাল ভরাট করায় আবুল খায়ের স্টিলকে কোটি টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে খাল ভরাট করে ভবন নির্মাণ করায় আবুল খায়ের স্টিল মিলকে এক কোটি টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 12:42 AM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বুধবার ভাটিয়ারি ইউনিয়নের খাজেম পাড়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ভূমি কর্মকর্তা মাহবুব আলম এই জরিমানা করেন।

ঘটনাস্থল থেকে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাসহ ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড উপজেলার ৯ নম্বর ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাজেমপাড়া এলাকায় ইছামতি খাল ভরাট করে ভবন নির্মাণ করায় আবুল খায়ের স্টিল মিলকে এক কোটি টাকা জরিমানা করা হয়।

ভূমি কর্মকর্তা মাহবুব আলম জরিমানার পর ওই এলাকা থেকে একটি স্কেভেটর জব্দ করে তা ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়েছেন।

সীতাকুণ্ড থানার এএসআই কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভূমি কর্মকর্তা শাহ আলম নামে এক কর্মকর্তাসহ ১০ জনকে আটক করে থানায় পাঠিয়েছেন। জরিমানা দিলে তারা মুক্তি পাবেন।

খাল ভরাট করে ভবন নির্মাণ কাজ করায় আবুল খায়ের স্টিলকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল উপজেলা প্রশাসন। কিন্তু তারা তা না শোনায় ভূমি কর্মকর্তা অভিযানে যান।