২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটির সেবকদের বেতন বাড়ানোর ঘোষণা মেয়রের

চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) কর্মরত সেবকদের (পরিচ্ছন্নতা কর্মী) বেতন ৩০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 09:28 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার নগর ভবনে আয়োজিত এক সেবক সমাবেশে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, "সরকার যে সময় থেকে পে স্কেল কার্যকর করবে সে সময় থেকে বর্ধিত বেতন কার্যকর করা হবে।

"আমি বিবেক দ্বারা পরিচালিত হই। আমার কাছে দাবি-দাওয়া উত্থাপনের প্রয়োজন নেই," বলেন সিটি মেয়র নাছির।

সেবকদের উপরই করপোরেশনের সুনাম নির্ভর করে মন্তব্য করে মেয়র বলেন, "সেবকদের পরিশ্রমে ও ঘামে আমাদের এ নগরী পরিচ্ছন্ন থাকে। পরিবেশ সুস্থ থাকে।

“রাতের বেলা ময়লা-আবর্জনা অপসারণ দুরুহ কাজ। সেই দুরুহ কাজ দক্ষতার সাথে পালন করে যাওয়ায় সেবকদের আমি সাধুবাদ জানাই”।

সেবকদের কাজের সুবিধার্থে হাত মোজা, ইউনিফর্ম, রেডিয়াম জার্সি, জুতা, স্যুয়েটার, রেডিয়াম হেলমেট, মাস্কসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে বলেও জানান মেয়র।

সিসিসিতে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট এক হাজার ৯০০ জন সেবক রয়েছে।

নিজ নিজ দায়িত্ব সবাই আন্তরিকতার সাথে পালন করবে এমন আশাবাদ ব্যক্ত করে মেয়র নাছির উদ্দিন বলেন, "দায়িত্বে অবহেলা করা হলে কাউকে ক্ষমা করা হবে না।"

সেবক সমাবেশে সিসিসি প্রধান নির্বাহী কমকর্তা কাজী শফিউল আলমের সভাপতিত্বে প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমদ মঞ্জু, সচিব রশিদ আহমদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকি ও পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম উপস্থিত ছিলেন।