২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি স্থায়ীকরণ দাবিতে চট্টগ্রামে বিটিসিএল কর্মচারীদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 07:35 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় টিঅ্যান্ডটি ভবনের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে মাস্টাররোল কর্মচারীদের সংগঠন ‘মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি’।

মানববন্ধনে বক্তারা বলেন, বিটিসিএল-এ প্রায় ১৮/১৯ বছর ধরে কর্মচারীরা মাস্টাররোলে কর্মরত আছেন। স্থায়ী নিয়োগের দাবিতে মাস্টাররোলের কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও এতদিন আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত রাখা হয়েছিল।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মাস্টাররোল কর্মচারীদের স্থায়ী করা হলেও বিটিসিএল-এর কর্মচারীদের স্থায়ী করা নিয়ে প্রশাসন গড়িমসি করছে বলেও অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. নূর আলম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সহ-সভাপতি সজীব কুমার আচার্য্য, আজাদ হোসেন, মো. বাবুল, শাহাবউদ্দিন, মো. কামাল ও জাকির হোসেন বক্তব্য রাখেন।

এর আগে মাস্টাররোল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা ২টা এবং ১৮ থেকে ২৪ জানুয়ারি সর্বাত্মক কর্মবিরতি পালন করে বিটিসিএল-র মাস্টাররোল কর্মচারীরা।