২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের টার্গেট এখন গ্রামের নারীরা: আকাশ

গ্রামাঞ্চলে নারীদের কেন্দ্র করে জামায়াতে ইসলামী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিবি নেতা এম এম আকাশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

শুক্রবার চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি বলেন, “গ্রামাঞ্চলে যদি আপনি যান, তাহলে দেখবেন রাজনৈতিকভাবে সক্রিয় আছে জামায়াত। ওদের তো পলিটিক্স করতে হয় না; ওয়াজ-মাহফিলের মাধ্যমে তারা সেটা সেরে ফেলতে পারেন।

“বিশেষ করে তাদের এখন টার্গেট গ্রুপ হচ্ছে মহিলারা। যেসব উপজেলায় জামায়াত জিতেছে দেখা গেছে অধিকাংশ ভোট ছিল মহিলাদের।”

নগরীর থিয়েটার ইন্সটিটিউটে ইনস্টিটিউটে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ আকাশ।

“তাছাড়াও মসজিদ-মাদ্রাসার ইমামদের সঙ্গেও তাদের একটা শক্তিশালী নেটওয়ার্ক আছে; আছে সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি। তার ফলে শীর্ষ নেতৃত্ব না থাকলেও তারা দুর্বল হচ্ছে না।”

ধর্মীয় নানা শিক্ষার নামে তারা এসব কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

সাম্প্রদায়িকতা মোকাবেলায় সাংস্কৃতিক সংগ্রামের ওপর জোর দেন তিনি।

উদীচী চট্টগ্রাম বিভাগীয় কমিটি আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. চন্দন দাশ। মূল প্রবন্ধ পাঠ করেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।

শুভেচ্ছা বক্তব্য দেন উদীচী চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব ফরিদ আহমদ।

অন্যদের মধ্যে শহীদজায়া মুশতারি শফি, সিপিবির প্রসিডিয়ামের সদস্য শাহ আলম, উদীচীর কেন্দ্রীয় সহ সম্পাদক সঙ্গীতা ইমাম ও চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি সুনীল ধর।