চবিতে আদিবাসী ও বৌদ্ধ শিক্ষার্থীদের জন্য হচ্ছে নতুন হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ও বৌদ্ধ ধর্মালম্বী শিক্ষার্থীদের থাকার অগ্রাধিকার দিয়ে আরও একটি ছাত্রাবাসের নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ‘বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু ছাত্র হল’ নামে নতুন এ হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে উত্তর ক্যাম্পাসে বিশ্বশান্তি প্যাগোডা এলাকায় নির্মাণাধীন এ হলে আদিবাসী ও বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থীদের আগ্রাধিকার দেওয়া হবে।
"এরপর আসন থাকা সাপেক্ষে অন্য ধর্মাবলম্বী ছাত্রদের বরাদ্দ দেওয়া হবে।"
আপাতত ‘বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু ছাত্র হল’ নামে নির্মাণ কাজ শুরু হলেও কাজ শেষ হলে হলটির নতুন কোনো নাম দেওয়া হবে বলে জানান তার নামও পরিবর্তন করা হবে বলে জানান অধ্যাপক কামরুল।
তিন হাজার ৯২৫ বর্গফুট জায়গা নিয়ে পাঁচ তলা বিশিষ্ট এ হলের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৪৪ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলটিতে পাঁচ তলা ভিত্তিপ্রস্তর করা হলেও প্রথম পর্যায়ে চারতলা পর্যন্ত নির্মাণ করা হবে। বাকি অংশ পরে করা হবে"।
নির্মাণের পর হলটিতে প্রথম পর্যায়ে ২২৫ জন এবং পুরোপুরি শেষ হলে ৩২৫ জন শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা হবে বলে জানান তিনি।
২০১৭ সালের মধ্যে ভিত্তিপ্রস্থর স্থাপন করা এ হলের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করেন প্রকৌশলী জাহাঙ্গীর।
ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. কামরুল হুদা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল মনছুর, ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী, প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক সুলতান আহমেদ, প্রক্টর আলী আজগর চৌধুরী, পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু ও প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন উপাচার্যের সঙ্গে ছিলেন।
