সেইন্ট স্কলাস্টিকায় এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ
চট্টগ্রাম নগরীর পাথরঘাটার সেইন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুলের এক শিক্ষার্থীর ‘গায়ে হাত দেওয়ার চেষ্টায়’ জড়িতদের শাস্তি ও প্রধান শিক্ষিকার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করার সময় পুলিশ ‘অশালীন আচরণ’ করেছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
তারা বলছেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টর দিকে স্কুল প্রাঙ্গণে অভিভাবকদের এ বিক্ষেভের সময় তাদের সঙ্গে কথা বলতে যান প্রধান শিক্ষিকা রেনু মারিয়া পালমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিভাবকদের সরিয়ে দেয়। এসময় পুরুষ পুলিশ মহিলা অভিভাবকদের সঙ্গে ‘অশালীন আচরণ’ করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন। তিনি বলছেন, কথা বলার এক পর্যায়ে প্রধান শিক্ষিকাকে ঘিরে রাখেন অভিভাবকরা। পরে মহিলা পুলিশ সদস্যরা মহিলা অভিভাবকদের এবং পুরুষ সদস্যরা পুরুষ অভিভাবকদের সরিয়ে দেন।
মল্লিকা সেন নামে এক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনায় জড়িতদের শাস্তি ও প্রধান শিক্ষিকার পদত্যাগ দাবি করেছি। এসময় পুলিশ অতর্কিত এসে জোপূর্বক আমাদের সরিয়ে দেয়।”
মহিলা পুলিশ থাকলেও পুরুষ পুলিশ মহিলা অভিভাবকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কথা বলার এক পর্যায়ে প্রধান শিক্ষিকাকে ঘিরে রাখেন অভিভাবকরা।
“খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে বহিরাগতদের বের করে দেয়। পরে মহিলা পুলিশ সদস্যরা মহিলা অভিভাবকদের এবং পুরুষ সদস্যরা পুরুষ অভিভাবকদের সরিয়ে দেয়।”
হারাধন দাশ নামের আরেক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের দাবি নিয়ে প্রধান শিক্ষিকার সাথে কথা বলতে চেয়েছি। কিন্তু পুলিশের বাধার কারণে পারিনি।”
কয়েকজন অভিভাবক জানিয়েছেন, স্কুলের নতুন ভবন নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিক সোমবার তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ‘গায়ে হাত দিয়ে’ তাকে আটকানোর চেষ্টা করলে সে দৌঁড়ে শ্রেণি কক্ষে চলে যায়।
পরদিন অভিভাবকদের মধ্যে বিষয়টি জানাজানি হলে তারা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ওই শিক্ষার্থীর ‘গায়ে হাত দেওয়ার’ চেষ্টার অভিযোগ তদন্তে বুধবার সাত সদস্যের কমিটি করেছে স্কুল কর্তৃপক্ষ। আগামী ২৩ জানুয়ারির মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান প্রধান শিক্ষিকা।
