সেইন্ট স্কলাস্টিকায় ‘যৌন হয়রানির’ অভিযোগ তদন্তে কমিটি
চট্টগ্রাম নগরীর সেইন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুলের এক শিক্ষার্থীর ‘গায়ে হাত দেওয়ার’ চেষ্টার অভিযোগ তদন্তে সাত সদস্যের কমিটি করেছে কর্তৃপক্ষ।
বুধবার পাথরঘাটার ওই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কাউন্সিলর ও অভিভাবকদের এক সভায় কমিটিটি গঠন করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রধান শিক্ষিকা সিস্টার রেনু মারীয়া পালমা।
কয়েকজন অভিভাবক জানিয়েছেন, স্কুলের নতুন ভবন নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিক সোমবার তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ‘গায়ে হাত দিয়ে’ তাকে আটকানোর চেষ্টা করলে সে দৌঁড়ে শ্রেণি কক্ষে চলে যায়।
এ ঘটনা পরদিন অভিভাবকদের মধ্যে জানাজানি হলে তারা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে বুধবার থেকে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
অভিযোগ তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্কুলের প্রশাসনিক কর্মকর্তা সিস্টার প্রভা মেরি কর্মকারকে। সদস্য রাখা হয়েছে অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন ও শিক্ষিকা বৃজেট ডায়েস, স্থানীয় কাউন্সিলর ইসমাঈল হোসেন বালি, হাসান মুরাদ বিপ্লব, নারী কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবি ও কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমানকে।
আগামী ২৩ জানুয়ারির মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান প্রধান শিক্ষিকা।
ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব বলেন, “ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সভায় সকালের পরিবর্তে বিকালে ভবন নির্মাণের কাজ চলার সিদ্ধান্তও হয়েছে।”
