স্কুলে ছাত্রীর ‘গায়ে হাত দেওয়ার চেষ্টা’, বিক্ষোভ
চট্টগ্রামের সেন্ট স্কলাস্টিকা স্কুলের নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিকের এক ছাত্রীর ‘গায়ে হাত দেওয়ার চেষ্টার’ কথা জানাজানির পর বিক্ষোভ করেছেন অভিভাবকরা।
মঙ্গলবার দুপুরে বিক্ষোভের পর কর্তৃপক্ষ আগামী শনিবার পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করেছে বলে কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান জানিয়েছেন।
অভিভাবকদের কয়েকজন জানান, স্কুল প্রাঙ্গনে নতুন ভবনের নির্মাণে নিয়োজিত এক শ্রমিক সোমবার তৃতীয় শ্রেণির এক ছাত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। ওই ছাত্রী তখন দৌড়ে শ্রেণিকক্ষে চলে আসেন।
এ ঘটনা জানাজানি হলে মঙ্গলবার অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে স্থানীয় পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর ইসমাঈল বালি, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবসহ কোতয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ করেন গোপীনাথ ধর নামে এক অভিভাবক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকালে এ ঘটনার পর দুপুরের দিকে স্কুল কর্তৃপক্ষ কোনো উপলক্ষ ছাড়াই ছাত্রীদের মাঝে বিস্কুট বিতরণ করে, যাতে এ ঘটনা কাউকে জানানো না হয়।”
মইনুদ্দিন রাশেদ নামে আরেক অভিভাবক ক্ষোভের সঙ্গে বলেন, “আমাদের বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা তো দূরের কথা, স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথাই বলেনি।”
স্কুল কর্তৃপক্ষ উল্টো ছাত্রীদের ভয়-ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রীদের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ ঘটনা জেলা প্রশাসনকে জানিয়েছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আগামী শনিবার পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”
বিষয়টি নিয়ে বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় কাউন্সিলর ও অভিভাকদের বৈঠক হবে বলে ঘটনাস্থল থেকে এসআই মহিবুর জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে স্কুল প্রশাসনের দায়িত্বে থাকা সিস্টার প্রভা মেরি কিছু বলতে অস্বীকৃতি জানান।
বিক্ষোভের পর স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার রেনু মারিয়া পালমারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দুপুরে স্কুল চত্বর ঘুরে দেখা যায়, স্কুলের পূর্ব গেইট দিয়ে প্রবেশ পথের দুপাশে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ওই এলাকাজুড়ে বিদ্যুতের তার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। নির্মাণাধীন ভবনের নীচ দিয়েই ছাত্রীদের যাতায়াত করতে হয়।
