চট্টগ্রামে বেকারি পণ্য উৎপাদনে অনিয়মে জরিমানা
পাউরুটির প্যাকেটের গায়ে উৎপাদনের আগাম তারিখ লেখাসহ অপরিচ্ছন্ন পরিবেশে ক্ষতিকারক উপাদান দিয়ে বেকারি সামগ্রী উৎপাদন করায় চট্টগ্রাম নগরীর একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর সদরঘাট থানাধীন যুগিচাঁদ মসজিদ লেইনের প্রগতি বেকারিকে এই জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে পাউরুটি তৈরি করা হচ্ছিল। তার উপর উৎপাদনের তারিখ লেখা হয়েছে ২২ জানুয়ারি।
"কেমিক্যাল দিয়ে বানানো হচ্ছিল জেলি। আর অন্য সব বেকারি সামগ্রীও দীর্ঘ দিনের পোড়া তেল দিয়ে তৈরি করা হচ্ছিল"।
