২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রী বেশে ছিনতাইয়ের পর গাড়ি জিম্মি

তারা প্রথমে যাত্রী সেজে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে। এরপর অজ্ঞাত স্থানে গিয়ে চালককে করে মারধর; ছিনিয়ে নেয় গাড়ি ও মোবলইল ফোন। পরবর্তীতে মালিককে ফোন দিয়ে চায় নির্দিষ্ট অংকের টাকা; আর তা দিলেই তবে ফেরত দেয় গাড়ি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 06:30 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ ‘গাড়ি চুরির’ এ কৌশলের কথা বৃহস্পতিবার জানিয়েছে। তারা বলছে, গত পাঁচদিন ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে তারা। গ্রেপ্তারও করেছে চক্রটির ছয় সদস্যকে; উদ্ধার করেছে আটটি অটোরিকশা। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার ছয়জন হলো- মো. শাহাবউদ্দিন (২৫), মো. মনির (৪৪), আব্দুল জব্বার (৪৪), মো. শাহনেওয়াজ ওরফে জসীম (৪০), মো. শামসুদ্দিন (২৫) ও মো. আজাদ (৩৬)।  

দীর্ঘদিন ধরে চক্রটি ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এভাবে অটোরিকশা ‘চুরি করে মালিকের কাছ থেকে টাকা আদায় করে আসছে বলে জানান অভিযানে থাকা পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ছয়জন ছাড়া চক্রটিতে আরও ১০-১২ জন সদস্য আছে। তারা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে অটোরিকশা চুরি করে নোয়াখালী, চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের পেকুয়া, মহেশখালী ও বান্দরবানের লামায় নিয়ে যায়।  

চক্রটির সদস্যরা গত ৬ ডিসেম্বর রাতে নগরীর সানমার ওশান সিটির সামনে থেকে একটি অটোরিকশা ভাড়া নেয়। এরপর ভাটিয়ারি এলাকায় নিয়ে চালককে মারধর করে গাড়ি ও মোবাইল ছিনতাই করে। পরে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে এক লাখ টাকা দাবি করে।

এ ঘটনায় পরদিন পাঁচলাইশ থানায় একটি মামলা হয়। মামলার তদন্ত করতে গিয়ে ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি টানা পাঁচ দিন অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ ও বান্দরবানের লামা উপজেলা থেকে আটটি অটোরিকশা উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই নুরুল।

তিনি বলেন, “মামলাটি তদন্ত করতে গিয়ে এ ধরনের আরও কিছু অটোরিকশার মালিকের সন্ধান পাওয়া যায়; যাদের কাছেও টাকা দাবি করা হয়েছিল।”

পুলিশ কর্মকর্তা নুরুল জানান, গোপন সংবাদে প্রথমে চট্টগ্রামের ভাটিয়ারি থেকে শাহাবউদ্দিন ও মনিরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে জব্বারকে ঢাকার মোহাম্মদপুর, শাহজাহানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, শামসুদ্দিনকে নোয়াখালীর বেগমগঞ্জ ও আজাদকে বান্দরবানের লামা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।  

বেগমগঞ্জ থেকে তিনটি ও লামা থেকে পাঁচটি অটোরিকশা উদ্ধার করা হয়।

চক্রটির কাছে আরও বেশ কিছু অটোরিকশা আছে দাবি করে এসআই নুরুল বলেন, “তাদের ধরতে ও অটোরিকশগুলো উদ্ধারে অভিযান চলছে।”

গ্রেপ্তার ছয়জনকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।