২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রোগীর মৃত্যুতে মামলা: কর্মবিরতির ঘোষণা চিকিৎসকদের

বন্দর নগরীতে প্রসূতি মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সব ধরনের প্রাইভেট প্র্যাকটিসহ চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 05:07 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার বিকাল থেকে চিকিৎসকদের এই 'প্রতিবাদ কর্মসূচি' শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিএমএ-র সাথে সংশ্লিষ্ট সবার মতবিনিময় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস বন্ধ রাখলেও সরকারি হাসপাতালের কার্যক্রম চলবে।”

আগমী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান মুজিবুল হক।

চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ‘সার্জিস্কোপে’ গত ১০ জানুয়ারি সন্তান জন্ম দিয়ে মারা যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি’র ছোট ভাইয়ের মেয়ে মেহেরুন্নেসা রীমা (২৫)।

চিকিৎসকের অবহেলায় রীমার মৃত্যু হয়েছে অভিযোগ করে ওইদিন রাতে সার্জিস্কোপ হাসপাতাল ভাংচুর করে তার স্বজনেরা।

মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকী রোজি ও তার স্বামী মাহবুবুল আলমের বিরুদ্ধে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলা করেন রীমার বাবা খায়রুল বাশার।

এ মামলাকে ‘হয়রানিমূলক’ মন্তব্য করে বিএমএ চট্টগ্রাম সভাপতি মুজিবুল বলেন, “মামলার প্রতিবাদে বুধবার বিকাল থেকে সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশনসহ চিকিৎসা সংক্রান্ত কাজ থেকে ডাক্তাররা বিরত থাকছে।"

পাশাপাশি চিকিৎসকরা তাদের চেম্বারেও ব্যক্তিগতভাবে কোনো রোগী দেখবেন না বলে এই চিকিৎসক নেতা জানান।

পুরনো খবর:

প্রসূতি মৃত্যু: অবহেলার অভিযোগে ২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা