চট্টগ্রামে দোকানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রসমালাই, জরিমানা
চট্টগ্রাম নগরীর একটি মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং ফ্রিজে রাখা মেয়াদোত্তীর্ণ রসমালাই বিক্রির জন্য রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে নগরীর চকবাজার এলাকায় ‘মিষ্টি মুখ’ নামের ওই দোকানে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, অভিযানের সময় মিষ্টি মুখের কারখানায় স্যাঁতসেঁতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। পাশাপাশি অনেক দিনের পুরনো মিষ্টির রসে রং বদলে যাওয়া ও পোকা ভাসতে দেখা যায়।
সেখান থেকে ২০ কেজি নষ্ট রসমালাই জব্দ করে তা নালায় ফেলে নষ্ট করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন মন মিষ্টির রসও জব্দ করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
