‘জঙ্গি নির্মূলে বিশ্ববিদ্যালয়ের দিকেও নজর দিতে হবে’
জঙ্গিবাদ নির্মূলে মাদ্রাসার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক সলিমুল্লাহ খান।
কথিত সুশীল সমাজ জঙ্গিবাদের জন্য শুধু মাদ্রাসার দিকে অভিযোগের আঙুল তোলে মন্তব্য করে তার বিরোধিতা করেছেন তিনি।
“সিভিল সোসাইটির যে ধারণা সকল জঙ্গিবাদের উৎস মাদ্রাসা সেটা ঠিক নয়। ইউ ক্যান নট ডু দিজ। দিজ ইজ কমিউনালিজম। আমি তো বলতে পারি নর্থ সাউথ ইউনিভার্সিটি জঙ্গিবাদের উৎস। রাজীব হায়দারকে যারা হত্যা করেছে কয়েকজন ছাড়া বাকি সবাই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র।”
জঙ্গিবাদ সেটা মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় যেখানেই মাথাচাড়া দিয়ে উঠুক না কেন তা কঠোর হস্তে দমনের কথা বলেছেন সমাজ-সংস্কৃতির এই বিশ্লেষক।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বাংলাদেশ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” শিরোনামের একক বক্তৃতায় এসব বলেন সলিমুল্লাহ খান।
জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু মুসলমান হিসেবে নয়, একজন বাঙালি হিসেবে, একজন নাগরিক হিসেবে, চূড়ান্ত পর্যায়ে একজন মানুষ হিসেবে এই সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে।”
সন্ত্রাসী কর্মকাণ্ড কেন জঙ্গিবাদ নামে প্রচারিত হচ্ছে সে প্রশ্ন রেখে সলিমুল্লাহ খান বলেন, “জঙ্গ শব্দের মানে হল যুদ্ধ। স্প্যানিশ ভাষায় ‘গেরিয়া’ আর বাংলায় আমরা গেরিলা বলে থাকি।
“জঙ্গিবাদের নামে যা হচ্ছে সেটাকে সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই বলতে চাই না। তাদের মিলিট্যান্ট (গেরিলা) বলে বাড়তি মর্যাদা দেওয়া হচ্ছে।”
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “দেশের মানুষের ক্রয়ক্ষমতা যদি বৃদ্ধি না পায় তাহলে প্রবৃদ্ধির জন্য বিদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হবে।”
বর্তমানে যে অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে সামাজিকভাবে তার সমবণ্টন হচ্ছে কি না সেদিকেও খেয়াল রাখার ওপর গুরুত্ব দেন সলিমুল্লাহ খান।
ন্যায়বিচার, সাম্য ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে হলে অর্থনৈতিক অর্জনগুলোর সমবণ্টন নিশ্চিতের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
নাট্যজন অভিক ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক বিস্তার আর্ট কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ।
