২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরাতে অনুরোধ

চট্টগ্রাম শহর থেকে বিলবোর্ড ও সাইনবোর্ডসহ অবৈধ স্থাপনা ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে সংশ্লিষ্ট মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 10:41 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

পুরনো খবর:

চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদে রাতে যৌথ অভিযান

শুক্রবার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, “ক্রাশ প্রোগামের মাধ্যমে নগরীতে বিদ্যমান অবৈধ স্থাপনা, বিলবোর্ড, সাইনবোর্ড, প্লে-কার্ড, ব্যানার ও ফেস্টুন ইত্যাদি উচ্ছেদ করা হচ্ছে।

“নাগরিক স্বার্থে অবিলম্বে অবৈধ স্থাপনা, বিলবোর্ড, সাইনবোর্ড ইত্যাদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে সংশ্লিষ্ট মালিকদের অনুরোধ করছি।”

পাশাপাশি বিদ্যুতের খুটি ও ইউনিপোলসহ যত্রতত্র লাগানো প্লে কার্ড ও ফেস্টুন ও অবৈধ প্রদর্শনীর বিজ্ঞাপন তুলে ফেলা এবং মডেল ট্যাক্স দেওয়া ছাড়া দেয়ালে প্রদর্শিত বিজ্ঞাপন মুছে ফেলার অনুরোধ করা হয়।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীতে সিসিসি, জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০ বিলবোর্ড উচ্ছেদ করে।

অভিযানের কারণে যানজটসহ বিদ্যুৎ ও অন্যান্য ক্ষেত্রে সাময়িকভাবে কিছুটা অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে তা সহজভাবে নিতে নগরবাসীকে অনুরোধ জানান মেয়র।

এর আগে ২০১৪ সালের শেষ দিকে নগর পুলিশের পক্ষ থেকে বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু হলেও কিছুদিন পর তা থেমে যায়।

এরপর নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন দায়িত্ব নিলে গত বছরের জুন থেকে সিটি করপোরেশন বিলবোর্ড উচ্ছেদ শুরু করে। তবে সে অভিযানও কয়েক দিন পর থমকে যায়।