চট্টগ্রামে বিলবোর্ড উচ্ছেদে রাতে যৌথ অভিযান
ঢাকার পর এবার চট্টগ্রামেও অবৈধ বিলবোর্ড সরাতে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও মহানগর পুলিশ।
অভিযানের প্রথম দিনে বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে ছোট বড় মিলিয়ে ১০টি বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দিনের বেলায় বিলবোর্ড উচ্ছেদে অভিযান চালালে যান চলাচলে সমস্যা হয়। এ সমস্যা এড়াতে এবার রাতের বেলায় বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে।”
এর আগে ২০১৪ সালের শেষ দিকে নগর পুলিশের পক্ষ থেকে বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু হলেও কিছুদিন পর তা থেমে যায়।
এরপর নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন দায়িত্ব নিলে গত বছরের জুন থেকে সিটি করপোরেশন বিলবোর্ড উচ্ছেদ শুরু করে। তবে সে অভিযানও কয়েক দিন পর থমকে যায়।
এবার নতুন করে জেলা প্রশাসনকেসহ যুক্ত করে রাতের বেলায় উচ্ছেদ অভিযান শুরু করল কর্তৃপক্ষ।
