২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় সাগরে অপহৃত ১১ জেলে চট্টগ্রামে উদ্ধার

নোয়াখালীর হাতিয়া থেকে অপহৃত ১১ জন জেলেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 07:26 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে উপজেলার উপকূলীয় এলাকা পশ্চিম গণ্ডামারা থেকে ফিশিং ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেরা হলেন- মো. বাবুল (৩৪), বেছু মিয়া (২৯), রিটন (২৬), সমীর (১৮), রাসেল (২২), মো. এমরান (২০), হেলাল উদ্দিন (২২), মো. শামীম (২২), সুমন (২৫), মো. হানিফ (৫২) ও মো. ফকির (৪০)।

হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

ওসি স্বপন কুমার বলেন, একটি ফিশিং বোট সাগরের চরে আটকে আছে বলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ফিশিং ট্রলারসহ তাদের উদ্ধার করে।

ফিশিং বোটের একটি রুমে অপহরণকারীরা জেলেদের আটকে রেখেছিল বলেও জানান তিনি।

উদ্ধার জেলেদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকালে হাতিয়া থেকে কিছু দূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেরা ট্রলারসহ অপহৃত হয়।

অপহরণকারীরা জেলেদের আটকে পরিবারের কাছ থেকে বিকাশে টাকা আদায় করেছে জানিয়ে ওসি বলেন, “টাকা নিয়ে অপহরণকারীরা জেলেদের বাঁশখালী উপকূলীয় এলাকায় রেখে ট্রলার থেকে নেমে যায়।”

উদ্ধার করা জেলেদের হাতিয়া পাঠানোর প্রক্রিয়া চরছে বলে জানান ওসি স্বপন।