২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোক্তার বিশ্বাস পুঁজি করে ‘অসাধু’ ব্যবসা

পোড়া তেলে ভাজা নিমকি এবং ছাদ চুইয়ে পড়া নোংরা পানি মিশ্রিত দুধে তৈরি মিষ্টি ও অন্যান্য খাবার বিক্রি করা হচ্ছে চট্টগ্রামের প্রসিদ্ধ দুই মিষ্টির দোকানে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 08:08 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অনিয়মের প্রমাণ মেলে নগরীর নন্দনকাননের দয়াময়ী মিষ্টান্ন ভাণ্ডার ও কোতোয়ালী মোড়ের সাধু মিষ্টান্ন ভাণ্ডারে।

এ দুটি দোকানই বন্দর নগরীতে ঐতিহ্যবাহী ও ভালো মিষ্টির জন্য পরিচিত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দয়াময়ী মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে দেখতে দেখতে পাই, দুধ গরম করার পাত্রে ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় নোংরা পানি পড়ছে।

“ঘি এত পুরনো যে রঙ বদলে গেছে। বিক্রির জন্য রাখা দই কবে বানানো হয়েছে, তা মালিকও জানে না।”

ওই দোকানে ঘিয়ে পাম ওয়েল মেশানো ও নোংরা পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

দোকানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রুহুল আমিন বলেন, সাধু মিষ্টান্ন ভাণ্ডারে পোড়া তেলের ড্রামে নিমকি ভাজা হচ্ছিল। ছয় মাসের পুরনো রসে ডুবানো ছিল মিষ্টি।

দোকানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

“ঐতিহ্যবাহী এই দুই দোকান চট্টগ্রামের মানুষের কাছে খুব ভালো হিসেবে পরিচিত। সাধারণ ভোক্তাদের বিশ্বাসকে পুঁজি করে তারা এসব পচা-বাসি খাবার মানুষকে খাওয়াচ্ছে।”

এর আগেও একাধিকবার সাধু মিষ্টান্ন ভাণ্ডারকে বিভিন্ন সময় নোংরা পরিবেশের জন্য জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার একই আদালত নগরীর স্টেশন রোডে হোটেল নিজামকে নোংরা পরিবেশ, বাসি খাবারের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করে।

নগরীর সিরাজউদ্দৌলা সড়কের পাঞ্জাব ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।