সুযোগ পেলে মাদ্রাসা ছাত্ররাও সুনাগরিক হয়ে উঠবে: নূর
মাদ্রাসা ছাত্রদের সম্পর্কে সাধারণত যে মনোভাব পোষণ করা হয় সেটা ঠিক নয় জানিয়ে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, উপযুক্ত সুযোগ পেলে তারাও দেশের সুনাগরিক হয়ে উঠবে।
বুধবার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপযুক্ত সুযোগ পেলে মাদ্রাসাছাত্ররা কী করতে পারে তার উদাহরণ দিয়ে নূর বলেন, "আমার উপজেলায় একবার স্কুল ও মাদ্রাসা ছাত্রদের কাছ থেকে লিখা আহ্বান করা হয়েছিল, যেখানে কবিতা-গল্পসহ মোট ১৬ হাজার লিখা জমা পড়েছিল।
“ওরা (মাদ্রাসাছাত্র) যে কবিতা লিখেছে সেটাতে কোনো রক্ষণশীলতা ছিল না। তারা কবিতা লিখেছে মাকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে, গ্রামকে নিয়ে ও বাংলাদেশকে নিয়ে”।
সংস্কৃতিমন্ত্রী বলেন, "তার মানে শিশু শিশুই। সে যখন বড় হয়ে উঠে তখন তাকে আমরা কিভাবে বড় করে তুলি সেটাই গুরুত্বপূর্ণ।
মাদ্রাসাছাত্র সম্পর্কে অনেক সময় যে দৃষ্টিভঙ্গি পোষণ করা হয় সেটা ঠিক নয় বলেও মন্তব্য করেন আবৃত্তি শিল্পী নূর।
চট্টগ্রামে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনীতে নাচ পরিবেশনা
সন্তানদের শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, "সন্তানদের মনের দিগন্তকে বিস্তৃত করার সুযোগ দিন। পরীক্ষা, হোমওয়ার্ক, কোচিং-এসবের মধ্যে তাদের অবরুদ্ধ করে রাখবেন না।"
জিপিএ-৫ যারা পায় না সমাজে তাদেরও প্রয়োজন রয়েছে মন্তব্য করে তিনি বলেন, "সন্তানদের অহেতুক প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিবেন না। এ অসুস্থ প্রতিযোগিতার কারণে তারা জীবনের পরীক্ষায় ব্যর্থ হচ্ছে।"
আইনস্টাইনের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, "বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার সঙ্গে সবসময় একটা বেহালা রাখতেন। শত ব্যস্ততার মধ্যেও সে বেহালা বাজানোর সময় বের করে নিতেন তিনি।
"তাহলে আমাদের সন্তানরা কেন গান করার সময় পাবে না, খেলাধুলা করার সময় পাবে না, গল্প-কবিতা পড়ার সময় পাবে না?," অভিভাবকদের প্রতি প্রশ্ন রাখেন এই নাট্যাভিনেতা।
নতুন প্রজন্মকে বইমুখী করতে ঢাকার বাইরে বড় পরিসরে প্রকাশনা সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে বইমেলার আয়োজন করা হচ্ছে বলে জানান মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বইমেলার উদ্বোধনের পর স্টল ঘুরে দেখছেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রামে সপ্তাহব্যাপী বইমেলায় দর্শনার্থীরা
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বইমেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলাপ্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মেলার ৪১টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে, স্টল রয়েছে ৪৫ টি।
উদ্বোধনীতে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মনজুরুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়খ উপস্থিত ছিলেন।
