৫ লাখ টাকাসহ চবি ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
দুই মাস আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের মামলার আসামি এক ছাত্রলীগকর্মীকে পাঁচ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবু তাহের মামুন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় প্যাগোডা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২ নভেম্বর ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি তাহের।
“গ্রেপ্তারের সময় তাহেরের কাছ থেকে পাঁচ লাখ ২২ হাজার টাকা, ওয়াইফাই রাউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।”
তাহেরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, “স্থানীয় লোকজনের সঙ্গে সে অসদাচারণ করত বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।”
আবু তাহের মামুন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী হিসেবে পরিচিত।
২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনের রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়ে সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক সুজনের অনুসারী কর্মীরা। তাতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন।
পরে শাহ আমানত ও শাহজালাল হলে তল্লাশি চালিয়ে ৩০ জনকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করে পুলিশ। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংঘর্ষের দিন হলের বারান্দায় দাঁড়িয়ে রামদায় শান দেওয়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে এলে বুদুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
