বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদ: অভিভাবকদের ওপর ‘চড়াও’ পুলিশ
চট্টগ্রামে নৌবাহিনীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ভর্তি ফি দ্বিগুণ করার প্রতিবাদে সড়ক অবরোধের সময় পুলিশের বিরুদ্ধে অভিভাবকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার ইপিজেডে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সামনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সড়ক অবরোধের সময় পুলিশ তাদের ‘লাঠিপেটা’ করে সরিয়ে দিয়েছে।
মো. রানা নামের এক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে নোটিস না দিয়ে ভর্তির কিছুদিন আগে থেকে দ্বিগুণ ভর্তি ফি ও বেতন আদায় করছে স্কুল কর্তৃপক্ষ।
তারই প্রতিবাদে অভিভাবকরা সড়কে অবস্থান নেয় বলে জানান তিনি।
জয়নাল আবেদিন নামে আরেক অভিভাবক বললেন, আগে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি ফি ছিল চার হাজার টাকা আর বেতন ছিল ছয়শ টাকা।
“ভর্তির কিছুদিন আগে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ফি আট হাজার একশ টাকা ও বেতন এক হাজার দুশো টাকা নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ।”
ঘটনার সময় তোলা ছবিতে দেখা যায়, কর্মসূচি চলার সময় এক অভিভাবকের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন সাদা পোশাকের এক পুলিশ সদস্য; পেটে লাঠি দিয়ে গুতো দিতেও দেখা যায়।
এবিষয়ে জানতে চাইলে ইপিজেড থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিভাকরা রাস্তায় অবস্থান নিলে পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে।
“পুলিশের অনুরোধের পরও কয়েকজন অভিভাবক সরতে অস্বীকৃতি জানানোয় তাদেরকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, এ ছাড়া আর কিছু হয়নি।”
পেশাগত কাজ করতে গিয়ে পুলিশ কর্তৃক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
দুদিন আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে স্কুলগুলোতে বেতন-ফি বাড়ানোর প্রতিবাদে মেয়রকে স্মারকলিপি দিতে গিয়েও অভিভাবকরা ‘পুলিশের লাঞ্ছনার’ শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
