২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের পিঁড়িতে দশম শ্রেণির ছাত্রী, বাবাকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাল্যবিয়ের কবল থেকে দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছেন ইউএনও; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে তার বাবাকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 08:25 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

কনের বয়স ১৮ পূর্ণ না হওয়ায় সোমবার উপজেলার আদর কমিউনিটি সেন্টারে এ বিয়ে বন্ধ করে দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইউএনও কাজী মাহাবুবুল হক।

উপজেলার খরনদ্বীপ ইউনিয়নের আয়ুব আলীর তার দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে একই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কনজুরি গ্রামের নূর হোসেনের ছেলে শহীদুল আলম শাহেদের (২৩) বিয়ে ঠিক করেন।

সোমবার উপজেলার আদর কমিউনিটি সেন্টারে বর-কনের আত্মীয় স্বজন ও অতিথির উপস্থিতিতে এ বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বোয়ালখালীর ইউএনও কমিউনিটি সেন্টারে গিয়ে এ বিয়ে বন্ধ করেন।

একই সঙ্গে কনের বাবা আয়ুব আলীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে বলে জানান ইউএনও কাজী মাহাবুবুল হক।

তিনি আরও জানান, বিয়ে বন্ধ করে বরযাত্রীর জন্য রান্না করা খাবার এতিমখানায় দেওয়া হয়েছে।