২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজে মিছিল-সমাবেশ ছাত্র ইউনিয়নের

প্রায় তিন দশক পর চট্টগ্রাম কলেজে মিছিল-সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 05:05 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার দুপুরে মিছিল শেষে সমাবেশে ক্যাম্পাসে দখলদারিত্বের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান সংগঠনটির নেতারা।

সমাবেশ শেষে তারা শহীদ মিনারে ফুল দিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাদের দাবি জানান।

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শিমুল বৈঞ্চবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খন্দকার বাঁধন।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কলেজ ও ছাত্রাবাসে ছাত্র শিবিরের দখলদারিত্ব বজায় ছিল। চট্টগ্রামের শীর্ষ এ কলেজে প্রায় তিন দশক অন্য কোনো ছাত্র বা সাংস্কৃতিক সংগঠনেরও কার্যক্রম ছিল না।

ছাত্র শিবির ১৯৮১ সালের ২০ সেপ্টেম্বর কলেজ গেইটে সিটি কলেজ ছাত্রলীগ নেতা তবারক হোসেনকে হত্যা করে।

১৯৮৪ সালের ২৮ মে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা নেতা শাহাদাত হোসেনকে কলেজ ছাত্রাবাসে জবাই করে হত্যার মধ্য দিয়ে আধিপত্য শুরু শিবিরের। ১৯৮৬ সালে শিবির দখলদারিত্ব প্রতিষ্ঠা করে।

গত ১৬ ডিসেম্বর ছাত্রলীগ শহীদ মিনারে ফুল দিতে গেলে শিবিরকর্মীরা তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ হয়।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালায় এবং কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাস বন্ধ করে দেয়। এরপর থেকে ছাত্রলীগ নিয়মিত কার্যক্রম চালাচ্ছে।

জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শিমুল সাংবাদিকদের বলেন, “আমরা কলেজ অধ্যক্ষ জেসমিন আক্তারের সঙ্গে দেখা করে কলেজে রাজনীতির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছি।

“শিবিরের হাতে নিহত শাহাদাত হোসেনের নামে কলেজ মিলনায়তনের নামকরণেরও দাবি জানিয়েছি।”