২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

অষ্টম বেতন কাঠামোতে মর্যাদা অবনমনের প্রতিবাদে চট্টগ্রামে একঘণ্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 04:23 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার সকালে নগরীর কোতয়ালীর মোড়সংলগ্ন ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা।

কর্মসূচি থেকে ব্যাংক কর্মকর্তারা বলেন, অষ্টম জাতীয় বেতন কাঠামোর গেজেটে বাংলাদেশ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক বা মনিটারি অথরিটি হিসেবে পৃথকভাবে সংজ্ঞায়ন, নির্বাহী পরিচালক পদকে জাতীয় বেতন কাঠামোয় প্রথম গ্রেডে উন্নীতকরণ এবং সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদকে নবম গ্রেড থেকে অষ্টম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

কাউন্সিলের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ মিয়া কর্মসূচিতে বলেন, “একই দাবিতে ১১ ও ১২ জানুয়ারি দেড়ঘণ্টা এবং ১৩ ও ১৪ জানুয়ারি দুঘণ্টা করে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হবে।”

কর্মকর্তারা বলেন, অন্যান্য অর্থলগ্নী প্রতিষ্ঠানের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংককে এক কাতারে সংজ্ঞায়ন করে মুদ্রানীতির অভিভাবক হিসেবে বাংলাদেশ ব্যাংকের মর্যাদার অবনমন করা হয়েছে। এই ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ ব্যাংক মেধাশূন্য হয়ে পড়বে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের সহকারী ব্যবস্থাপক (ক্যাশ) বরকত উল্লাহ, উপ-পরিচালক বৈশালী রহমান, তামজিদ হোসাইন (উপপরিচালক), যুগ্ম পরিচালক আমির হোসেন, ইকবাল হোসাইন ও অসীম কুমার চৌধুরী।