২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের হাটহাজারি থানা এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 12:56 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার সকালে বড়দিঘীর পাড়ে এই দুর্ঘটনা ঘটে বলে হাটহাজারি থানার এসআই মো. শাহনেওয়াজ জানিয়েছেন।

নিহত মো. রাশেদ (২২) নতুন পাড়ার আমিনুর রহমানের ছেলে।

আহত মো. সালাউদ্দিনের (২৩) ঠিকানা জানা যায়নি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই শাহনেওয়াজ জানান, সকাল ১০টার দিকে শহর থেকে ফতেয়াবাদগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। রাশেদ মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন।

“স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, হাসপাতালে আনার পর রাশেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ।